
আরামবাগ, ৩ সেপ্টেম্বর (হি. স.) :
চাকরির স্বপ্ন নিয়ে নতুন পথ চলার প্রস্তুতি নিচ্ছিলেন ২৩ বছরের এক তরুণী। বৃহস্পতিবারই ছিল তাঁর কাঙ্ক্ষিত চাকরির ইন্টারভিউ। কিন্তু তার আগেই বিষধর সাপের কামড়ে আচমকাই থেমে গেল জীবনের সমস্ত স্বপ্ন। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে হুগলির গোঘাটের বেঙ্গাই এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম অম্বিকা পাকড়ে (২৩)। তিনি পেশায় গৃহশিক্ষিকা ছিলেন। পড়াশোনা শেষ করে ভালো একটি চাকরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছিলেন অম্বিকা। পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি বাড়িতে পুজো উপলক্ষে আত্মীয়-স্বজনেরা এসেছিলেন। বুধবার রাতে খাওয়া-দাওয়া সেরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘুমাতে যান তিনি।
রাত দুটো নাগাদ ঘুমের মধ্যেই বিষধর সাপ কামড়ায় অম্বিকাকে। বিষয়টি টের পেয়েই পরিবারের সদস্যরা তাঁকে তড়িঘড়ি কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন।
অবশেষে আরামবাগ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। অম্বিকার এমন আকস্মিক ও হৃদয়বিদারক পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর পরিজনেরা। প্রিয়জনকে হারিয়ে হাসপাতাল চত্বরেই কান্নায় ভেঙে পড়েন নিহতের দিদিমা, ভাই-বোনসহ পুরো পরিবার ও আত্মীয়-স্বজনেরা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA