
কলকাতা ও নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গে দার্জিলিং জেলার ৩২৭ নম্বর জাতীয় সড়কের ৩১.০২ কিলোমিটার দীর্ঘ বাগডোগরা–পানিটানকি–খারিবাড়ি–গলগালিয়া অংশকে ৪ লেনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বৃহস্পতিবার এক্স মাধ্যমে জানান, এ জন্য ২ হাজার ৭৭ দশমিক ১৮ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ৩টি প্রধান সেতু, ১টি রোড ওভার ব্রিজ, ৫টি হাতির আন্ডারপাস এবং উভয় পাশে সার্ভিস রোড নির্মাণ করা হবে, যা যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি মানুষ ও বন্যপ্রাণী উভয়ের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করবে।
তিনি আরও জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের পাশে অবস্থিত এই প্রকল্পটি উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করবে এবং নেপাল, ভুটান ও বাংলাদেশের দিকে যাতায়াতের পথ উন্নত করবে। চার লেনের এই সড়ক উন্নয়নের ফলে বাগডোগরা, নকশালবাড়ি, খরিবাড়ি ও পানিট্যাঙ্কির যানজট কমবে, বাগডোগরা বিমানবন্দর ও প্রধান আঞ্চলিক কেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগ বাড়বে এবং কৃষি, উদ্যানজাত, চা ও অন্যান্য স্থানীয় পণ্য বৃহত্তর বাজারগুলিতে দ্রুত পৌঁছানো সম্ভব হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ