পুজোর আগেই খুলছে পুরনো মোটরস্ট্যান্ডের অত্যাধুনিক পিআরএম সেন্টার পয়েন্ট মল
আগরতলা, ৩ সেপ্টেম্বর (হি.স.) : পুজোর আগেই জনসাধারণের জন্য খুলে দেওয়ার প্রস্তুতি চলছে রাজধানীর পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় নির্মীয়মাণ পিআরএম সেন্টার পয়েন্ট মল। মলের নির্মাণকাজ বর্তমানে শেষ পর্যায়ে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী অক্টোবর মাসের
আগরতলায় সর্ববৃহৎ মল


আগরতলা, ৩ সেপ্টেম্বর (হি.স.) : পুজোর আগেই জনসাধারণের জন্য খুলে দেওয়ার প্রস্তুতি চলছে রাজধানীর পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় নির্মীয়মাণ পিআরএম সেন্টার পয়েন্ট মল। মলের নির্মাণকাজ বর্তমানে শেষ পর্যায়ে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা মলটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বৃহস্পতিবার নির্মীয়মাণ মল পরিদর্শন করে এই সম্ভাবনার কথা জানান আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

এদিন মেয়রের সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ, কর্পোরেটর রত্না দত্ত-সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা। তাঁরা মলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নির্মাণকাজের অগ্রগতি খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে মলের কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন মেয়র।

মেয়র জানান, মলের অভ্যন্তরীণ নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের আউটলেট সাজানোর কাজও প্রায় শেষ পর্যায়ে। নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন করে পুজোর মরশুমে সাধারণ মানুষের জন্য মলটি খুলে দেওয়ার লক্ষ্য রয়েছে।

রাজধানীর ব্যস্ততম পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় এই অত্যাধুনিক মল চালু হলে শহরের বাণিজ্যিক পরিকাঠামোয় নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে মলের ডবল বেসমেন্ট কার পার্কিং ব্যবস্থা শহরের যানজট নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দাবি মেয়রের।

দীপক মজুমদারের বক্তব্য, অতীতে রাজধানী শহরে যানজট নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিজ্ঞানসম্মত পরিকল্পনার অভাব ছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর শহরের যানজট নিয়ন্ত্রণ এবং পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে শহরের বিভিন্ন জায়গায় পার্কিং জোন তৈরি করা হয়েছে। পিআরএম সেন্টার পয়েন্ট মলের মতো বৃহৎ বাণিজ্যিক কেন্দ্রে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা থাকায় রাস্তায় যত্রতত্র গাড়ি রাখার প্রবণতা কমবে এবং যানজট নিয়ন্ত্রণে সুবিধা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, রাজধানী আগরতলা তথা ত্রিপুরার অন্যতম বৃহৎ ও আধুনিক শপিং মল হিসেবে গড়ে উঠছে পিআরএম সেন্টার পয়েন্ট। মলে অ্যাডিডাস, লেভি’স, জুডিও-সহ একাধিক নামী জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের আউটলেট চালু হওয়ার কথা রয়েছে। ফলে কেনাকাটার জন্য রাজ্যের মানুষকে আরও আধুনিক ও উন্নত পরিকাঠামো পাওয়ার পাশাপাশি পুজোর মরশুমে মলটি শহরের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

দেশের অন্যতম পরিচিত নির্মাণ সংস্থা পিআরএম বেকরাজ গ্রুপ এই মলটি নির্মাণ করছে। নির্মাণকাজের পাশাপাশি বর্তমানে মলের ভিতরে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম ও অন্যান্য পরিষেবা চালুর প্রস্তুতিও জোরকদমে চলছে। ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা এই মল এবার পুজোর আগেই শহরবাসীর জন্য খুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande