
কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : মালদা ডিভিশনের নিউ ফরাক্কা স্টেশনের কাছে ভূমিধসের জেরে ট্রেন চলাচলে বড়সড় প্রভাব পড়েছে। শনিবার সকালে পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে জটিলতার কারণেই মূলত একাধিক যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু দূরপাল্লার ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫ সেপ্টেম্বরের যাত্রার জন্য বাতিল হয়েছে মালদা টাউন-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, মালদা টাউন-সাহিবগঞ্জ মেমু, সাহিবগঞ্জ-আজিমগঞ্জ মেমু, ভাগলপুর-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, সাহিবগঞ্জ-মালদা টাউন মেমু, আজিমগঞ্জ-সাহিবগঞ্জ মেমু, আজিমগঞ্জ-বারহারওয়া প্যাসেঞ্জার এবং আজিমগঞ্জ-ভাগলপুর প্যাসেঞ্জার। অন্যদিকে, মালদা টাউন-নয়াদিল্লি এক্সপ্রেস, ভাটিন্ডা-বালুরঘাট ফরাক্কা এক্সপ্রেস এবং উদনা-মালদা টাউন স্পেশাল-সহ কয়েকটি ট্রেনকে কাটিহার-মাঁসি-মুঙ্গের-কিউল হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী, গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত-সহ কয়েকটি ট্রেন নিউ ফরাক্কা-আজিমগঞ্জ-কাটোয়া-ব্যান্ডেল হয়ে চলবে। আরও কয়েকটি ট্রেনকে নিউ ফরাক্কা-আজিমগঞ্জ-নলহাটি হয়ে ঘুরপথে চালানো হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত