
কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.):ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, মহান দার্শনিক ও ভারতরত্ন ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তীতে তাঁকে সশ্রদ্ধ প্রণাম ও রাজ্যের সর্বস্তরের শিক্ষক সমাজকে শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।শনিবার নিজের সামাজিক মাধ্যম (ফেসবুক) পাতায় এক বার্তায় মন্ত্রী লেখেন, সকলকে শিক্ষক দিবসের শুভেচ্ছা। শিক্ষকই জাতির ভবিষ্যৎ নির্মাণের নীরব স্থপতি। আজ শিক্ষক দিবস। আদর্শ শিক্ষক, মহান দার্শনিক, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও ভারতরত্ন ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তীতে আমার সশ্রদ্ধ প্রণাম।উল্লেখ্য, শিক্ষক দিবস উপলক্ষে শনিবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে রাজ্য সরকারের উদ্যোগে কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক বিশেষ রাজ্যভিত্তিক পরিকল্পনার কথা ঘোষণা করেন। তিনি জানান, আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলায় দুটি করে অর্থাৎ একজোড়া 'সি এম শ্রী' ( মুখ্যমন্ত্রী-শ্রী) বিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।এ দিনের এই মূল কেন্দ্রীয় অনুষ্ঠানে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মণসহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত