
কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.):রাজ্য জুড়েই যথাযোগ্য মর্যাদার সঙ্গে সাড়ম্বরে পালিত হয়েছে শিক্ষক দিবস। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।‘পশ্চিমবঙ্গ অধ্যাপক-শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি’র উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে শিক্ষক সমাজের ভূমিকা ও তাঁদের অনবদ্য অবদানের কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও সাহিত্যিক রূপক সাহা এবং বিশিষ্ট সাংবাদিক স্নেহাশিস সুর-সহ আরও অনেক গুণীজন। দিনভর অনুষ্ঠানের বিভিন্ন পর্বে শিক্ষাক্ষেত্রে শিক্ষক ও শিক্ষাকর্মীদের দায়বদ্ধতা এবং সমাজ গঠনে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘পশ্চিমবঙ্গ অধ্যাপক-শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি’র সভাপতি তথা প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য। শিক্ষক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বক্তারা একযোগে বলেন— দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। তাঁদের হাত ধরেই নতুন প্রজন্মের মধ্যে জ্ঞান, মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের বিকাশ ঘটে।‘শিক্ষক সমাজই জাতির মেরুদণ্ড’—এই বার্তাকে সামনে রেখেই এ দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে। পাশাপাশি শিক্ষক সমাজের মর্যাদা, অধিকার রক্ষা এবং তাঁদের অবদানের যথাযথ স্বীকৃতির প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় বিশেষভাবে উঠে আসে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত