চন্দ্রকোণায় আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা, নার্সিংহোমে কার্ডে বিনামূল্যে ডায়ালিসিস
পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর (হি.স.) : রাজ্যে পালাবদলের পর আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়েছে বলে দাবি বিজেপির। এখনও সাধারণ মানুষের নাম নথিভুক্তির কাজ চলছে। এরই মধ্যে চন্দ্রকোণা পুরসভার লালসাগর এলাকায় একটি নার্সিংহোমে আয়ুষ্মান ভারত প্রকল্পের প
সফল আয়ুষ্মান ভারত


পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর (হি.স.) : রাজ্যে পালাবদলের পর আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়েছে বলে দাবি বিজেপির। এখনও সাধারণ মানুষের নাম নথিভুক্তির কাজ চলছে। এরই মধ্যে চন্দ্রকোণা পুরসভার লালসাগর এলাকায় একটি নার্সিংহোমে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা চালু হয়েছে। সোমবার সেখানে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে কিডনির সমস্যায় আক্রান্ত একাধিক রোগী ডায়ালিসিসের সুবিধা নেন।

নার্সিংহোমে গিয়ে রোগীদের সঙ্গে দেখা করেন চন্দ্রকোণার বিজেপি বিধায়ক সুকান্ত দোলই। আয়ুষ্মান কার্ডের মাধ্যমে ডায়ালিসিসের সুবিধা নেওয়া রোগীদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান তিনি এবং তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি প্রকল্পের সুবিধা রোগীরা সঠিকভাবে পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখেন বিধায়ক।

এর আগে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে চন্দ্রকোণার ক্ষীরপাই শহরের দিনমজুর আদিবাসী যুবক শ্রীনাথ সরেনের ব্রেন স্ট্রোকের সফল অস্ত্রোপচার হয়েছে বলে জানা যায়। বিধায়কের উদ্যোগে কয়েক ঘণ্টার মধ্যে কেওয়াইসি-সংক্রান্ত সমস্যা মিটিয়ে তাঁকে প্রকল্পের আওতায় চিকিৎসার সুবিধা দেওয়া হয়।

সুকান্ত দোলই বলেন, “তৃণমূল সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প গ্রহণ করেনি। আমরা ক্ষমতায় এসে দ্রুত এই প্রকল্প চালু করেছি। মানুষ সঠিক পরিষেবা পাচ্ছেন কি না, তা দেখতেই নার্সিংহোমে এসেছিলাম। রোগীরা পরিষেবা পেয়ে খুশি।”

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande