
কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি.স.): লাল-হলুদ তারুণ্যের অদম্য লড়াইয়ের কাছে হার মানল আইএসএলের তারকাখচিত মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার বারাসত স্টেডিয়ামে কলকাতা ফুটবল লিগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচটি ১-১ গোলে ড্র হলো। এই ড্রয়ের ফলে লিগে এখনও পর্যন্ত অপরাজিত রইল ইস্টবেঙ্গল।
ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল মোহনবাগান। ইস্টবেঙ্গল প্রথমার্ধে খুব বেশি আক্রমণাত্মক না খেলে মূলত রক্ষণ সামলে প্রতিআক্রমণে যাওয়ার কৌশল নেয়। সেই সুযোগ কাজে লাগিয়ে একের পর এক আক্রমণের ঝড় তোলে সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচের ৩৮ মিনিটে মনবীর সিং গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন। প্রথমার্ধে ইস্টবেঙ্গলের হয়ে বিজু মুর্মুর একটি দূরপাল্লার ফ্রি-কিক ছাড়া উল্লেখযোগ্য আক্রমণ চোখে পড়েনি।
তবে বিরতির পর দ্বিতীয় অর্ধে একেবারে অন্য মেজাজে ধরা দেয় ইস্টবেঙ্গল। আক্রমণের গতি বাড়িয়ে মোহনবাগানের রক্ষণভাগকে বারবার ব্যতিব্যস্ত করে তোলে তারা। গোল করার বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও বিজু মুর্মু ও উত্তম হাঁসদাদের ব্যর্থতায় সমতা ফেরানো যাচ্ছিল না।
অবশেষে ম্যাচের ৬৪ মিনিটে সমতায় ফেরে লাল-হলুদ। বিজু মুর্মুর নিখুঁত কর্নার থেকে বদলি হিসেবে নামা বিলাল দুরন্ত হেডে বল জালে জড়িয়ে দেন। গোল শোধের পর আরও আক্রমণাত্মক হয়ে উঠলেও ম্যাচের শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই প্রধান।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি