
সুলতানপুর, ৮ সেপ্টেম্বর ( হি.স.): উত্তর প্রদেশের সুলতানপুরে ঘটলো এক পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে, অখণ্ডনগর-কাদিপুর সড়কে। একটি দ্রুতগামী যাত্রিবাহী বাসের ধাক্কায় মৃত্যু হয় তিন বাইক আরোহীর। জানা গেছে, তারা একই পরিবারের সদস্য। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম প্রদীপ গুপ্ত (২৩), রামলৌত (৪৫) এবং দুর্গাবতী (৪০)। এঁরা সকলেই অখণ্ডনগর থানার অন্তর্গত মিশ্রপুর জালালপুরগঞ্জ আলিপুরের বাসিন্দা। দুর্ঘটনার পর পলাতক অভিযুক্ত বাস চালক।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রদীপ, রামলৌত এবং দুর্গাবতী বাইকে করে যাওয়ার সময় রাস্তার উল্টোদিক থেকে বেপরোয়া গতির যাত্রিবাহী বাস ধেয়ে আসে এবং তাদের বাইকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারায় প্রদীপ। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রামলৌত ও দুর্গাবতীকে গুরুতরভাবে আহত অবস্থায় নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরবর্তীতে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রামলৌত এবং দুর্গাবতী। পুলিশ মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক