
চণ্ডীগড়, ৮ সেপ্টেম্বর (হি.স.) : হরিয়ানার ঝজ্জর জেলার কুন্ডলি-মানেসর-পালওয়াল (কেএমপি) এক্সপ্রেসওয়েতে পুণ্যার্থীবাহী ট্রাকের সঙ্গে অন্য একটি ট্রাকের সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
মঙ্গলবার ভোরে বাহাদুরগড়ের মাণ্ডোঠি গ্রামের কাছে ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, উত্তর প্রদেশের সম্ভল জেলার চাঁদৌসি থেকে একদল পুণ্যার্থী ট্রাকে করে রাজস্থানের গোগামেড়ি ধামে দর্শনের উদ্দেশ্যে গিয়েছিলেন। দর্শন শেষে তাঁরা ফের চাঁদৌসির দিকে ফিরছিলেন। সেই সময় কেএমপি এক্সপ্রেসওয়েতে মাণ্ডোঠি গ্রামের কাছে একটি ট্রাকের সঙ্গে তাঁদের ট্রাকের সংঘর্ষ হয়। আহতদের অভিযোগ, তাঁদের গাড়িটি ধীরগতিতে চলছিল। সেই সময় পিছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা মারে। দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় ট্রাকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে বাহাদুরগড়ের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই পুণ্যার্থীর মৃত্যু হয়। গুরুতর আহত তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর রোহতকের পিজিআই-তে স্থানান্তর করা হয়েছে। পলাতক ট্রাকচালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস