
কলকাতা, ১৮ ফেব্রুয়ারি (হি. স.) : এ রাজ্যের পাঁচটি আসনে আগামী ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচন। এই নির্বাচনকে ঘিরেই যাবতীয় টানটান উত্তেজনা ও সরগরম হয়ে উঠেছে বিধানসভা। প্রসঙ্গত, পাঁচটি শূন্য আসনের দিকেই শাসক ও বিরোধী দল পরস্পরের মুখোমুখি হয়ে রয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় বুধবার জানানো হয়েছে যে, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজ্যসভার মোট ৩৭টি আসনে নির্বাচনের জন্য ভোটগ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। উল্লেখ্য, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ধার্য হয়েছে আগামী ৫ মার্চ। পরদিন ৬ মার্চ স্ক্রুটিনি এবং ৯ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হলো, বিধানসভার সচিব রিটার্নিং অফিসার হিসেবে রাজ্যসভার নির্বাচনের ক্ষেত্রে যাবতীয় গুরুদায়িত্ব পালন করবেন—বিজ্ঞপ্তি জারি করা থেকে শুরু করে শংসাপত্র প্রদান পর্যন্ত। ৫টি আসনে কেবলমাত্র পাঁচজন মনোনয়ন জমা দিলে কোনো ভোটগ্রহণের প্রশ্ন থাকবে না। এর অন্যথা হলে, অর্থাৎ প্রার্থীর সংখ্যা ৫-এর বেশি হলে ভোটারদের (বিধায়কদের) ভোটদানের প্রয়োজন পড়বে। একজন অতিরিক্ত প্রার্থী হলেই পুরো সমীকরণ বদলে যেতে পারে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত