দীঘায় পর্যটকদের ভিড় সামলাতে ও পরিষেবার মানোন্নয়নে হোটেল কর্মীদের প্রশিক্ষণে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের
দীঘা, ২১ ফেব্রুয়ারি (হি. স.) : বর্তমানে দীঘায় পর্যটকদের উপচে পড়া ভিড় সামাল দিতে এবং পরিষেবার মান উন্নত করতে তৎপর হয়েছে রাজ্য সরকার। মূলত রাজ্য শ্রম দপ্তরের উদ্যোগে হোটেল কর্মীদের পেশাগত প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দীঘায় জগন্নাথ মন্দি
দীঘায় পর্যটকদের ভিড় সামলাতে ও পরিষেবার মানোন্নয়নে হোটেল কর্মীদের প্রশিক্ষণে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের


দীঘা, ২১ ফেব্রুয়ারি (হি. স.) : বর্তমানে দীঘায় পর্যটকদের উপচে পড়া ভিড় সামাল দিতে এবং পরিষেবার মান উন্নত করতে তৎপর হয়েছে রাজ্য সরকার। মূলত রাজ্য শ্রম দপ্তরের উদ্যোগে হোটেল কর্মীদের পেশাগত প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে এই সমুদ্র শহরের পর্যটন মানচিত্র বদলে গিয়েছে। ঠাকুর দর্শন আর সমুদ্র স্নানের জোড়া আকর্ষণে বর্তমানে প্রতিদিন ভিড় উপচে পড়ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিনরাজ্য ও বিদেশ থেকেও পর্যটকেরা এখানে ছুটে আসছেন। স্থানীয়দের মতে, ছুটির দিনগুলোতে এখন শহরে কার্যত ‘পা ফেলার জায়গা’ থাকে না।

​এক সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, দীঘার প্রায় এক হাজার হোটেলে লক্ষাধিক কর্মী কাজ করলেও তাঁদের সিংহভাগের হোটেল ম্যানেজমেন্ট সংক্রান্ত কোনও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। এর ফলে মাঝেমধ্যেই পরিষেবার মান নিয়ে পর্যটকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এই সমস্যার সমাধানে রাজ্য শ্রম দপ্তরের তত্ত্বাবধানে এবং দুর্গাপুর স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট-এর সহযোগিতায় শুরু হয়েছে নিখরচায় প্রশিক্ষণ শিবির। বছরে দু’বার এই কর্মসূচি আয়োজনের পরিকল্পনা নিয়েছে দপ্তর।

​এই প্রশিক্ষণে হোটেল কর্মীদের পর্যটকদের সঙ্গে মার্জিত ব্যবহার, দক্ষ পরিষেবা প্রদানের কৌশল, অতিথি আপ্যায়নের নিয়ম এবং পেশাগত আচরণ সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দেওয়া হচ্ছে। সরকারি সূত্রের দাবি, এর ফলে পরিষেবার মান বাড়ার পাশাপাশি কর্মীদের ব্যক্তিগত দক্ষতাও বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে তাঁদের কর্মসংস্থান ও ক্যাম্পাসিংয়ের ক্ষেত্রে সহায়ক হবে।

​তবে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানালেও হোটেল কর্তৃপক্ষের একাংশ এলাকার স্বাস্থ্য পরিষেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় জরুরি পরিস্থিতিতে পর্যটকদের সমস্যায় পড়তে হয়। বিষয়টি ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরের নজরে আনা হয়েছে। ক্রমবর্ধমান পর্যটকদের সঙ্গে তাল মিলিয়ে পরিষেবার এই আধুনিকীকরণ দীঘার পর্যটন শিল্পে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande