
মায়াপুর, ২১ ফেব্রুয়ারি (হি. স.): শনিবার আসন্ন দোল ও গৌড় পূর্ণিমা উৎসবকে ঘিরে নদিয়ার মায়াপুর ইসকন মন্দির চত্বরে ইতিমধ্যেই উপচে পড়েছে ভক্তদের ভিড়। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে অস্থায়ী ‘নিত্যানন্দ মার্কেট’।ইসকন চত্বরে ছোট ছোট স্টল নিয়ে গড়ে ওঠা এই বাজার ২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত চলবে। এখানে নানা ধর্মীয় সামগ্রীর পাশাপাশি সবচেয়ে বেশি নজর কেড়েছে বৃন্দাবন থেকে আনা আসল তুলসীর মালা। বৃন্দাবন থেকে আগত বিক্রেতারা বিভিন্ন আকার, নকশা ও দামের মালা নিয়ে স্টল দিয়েছেন। কুড়ি টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত দামের তুলসীর মালা পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।বৃন্দাবন থেকে আসা বিক্রেতা পূর্ণেন্দু নস্কর জানান, প্রতিবছর দোল ও গৌড় পূর্ণিমা উপলক্ষে তাঁরা মায়াপুরে আসেন। এক মাস স্টল বসিয়ে বিক্রি করে পুনরায় বৃন্দাবনে ফিরে যান। তাঁদের দাবি, বৃন্দাবনের তুলসী কাঠ দিয়ে তৈরি হওয়ায় এই মালার গুণগত মান আলাদা।ভক্তি, উৎসব ও বাণিজ্যের মিলিত আবহে জমজমাট হয়ে উঠেছে মায়াপুর ইসকন চত্বর।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়