
মুম্বই, ১৮ ফেব্রুয়ারি (হি. স.) : সপ্তাহের তৃতীয় দিন, বুধবারও চাঙ্গা থাকল ভারতীয় শেয়ার বাজার। এদিন বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)-এর সূচক সেনসেক্স ২৮৩.২৯ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ বেড়ে ৮৩,৭৩৪.২৫ পয়েন্টে বন্ধ হয়েছে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)-এর সূচক নিফটি ৯৩.৯৫ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৫,৮১৯.৩৫ পয়েন্টে থিতু হয়েছে।
বাজারের এই উর্ধ্বগতির ফলে বিনিয়োগকারীদের পকেটে ঢুকেছে লক্ষাধিক কোটি টাকা। বিএসই-তে নথিভুক্ত সংস্থাগুলির মোট বাজার মূলধন গত দিনের ৪৭০.১১ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৭১.৮৯ লক্ষ কোটি টাকায়। অর্থাৎ, একদিনেই বিনিয়োগকারীদের সম্পদ বেড়েছে প্রায় ১.৮০ লক্ষ কোটি টাকা।
নিফটি-র ৫০টি শেয়ারের মধ্যে ৩১টি শেয়ারই লাভের মুখ দেখেছে। এর মধ্যে টাটা স্টিল প্রায় ২.৯০ শতাংশ বেড়ে সবার উপরে রয়েছে।
আইটিসি, অ্যাক্সিস ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার শেয়ার ১.১৮ থেকে ২.২১ শতাংশ পর্যন্ত বেড়েছে।
এদিন মেটাল, ব্যাঙ্কিং এবং এফএমসিজি সেক্টরগুলিতে চনমনে ভাব দেখা গেলেও, আইটি শেয়ারগুলিতে কিছুটা পতন লক্ষ্য করা গেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি