
নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি ( হি. স.) : সপ্তাহের চতুর্থ দিন, বৃহস্পতিবার ব্যাপক ধসের মধ্য দিয়ে লাল নিশানায় বন্ধ হলো শেয়ার বাজার। আমেরিকা ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে বিশ্বজুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রভাবে এদিন লগ্নিকারীরা দু’হাতে শেয়ার বিক্রি শুরু করেন। যার ফলে বাজারের দুই প্রধান সূচকই বড়সড় পতনের সাক্ষী থাকল। সেনসেক্স এক ধাক্কায় ১২৩৬ পয়েন্ট পড়ে গেছে, অন্যদিকে নিফটি ৩৬৫ পয়েন্ট খুইয়েছে।
শেয়ার বাজারে এই সর্বাত্মক বিক্রির জেরে সেনসেক্স এবং নিফটি—উভয় সূচকই এক শতাংশের বেশি হ্রাস পেয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জের ৩০টি শেয়ারের ওপর ভিত্তি করে তৈরি সূচক সেনসেক্স গত তিন সেশনের টানা বৃদ্ধিতে লাগাম টেনে ১২৩৬.১১ পয়েন্ট বা ১.৪৮ শতাংশ কমে ৮২,৪৯৮.১৪ স্তরে এসে থামল। একইভাবে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ৫০টি শেয়ারের সূচক নিফটি ৩৬৫.০০ পয়েন্ট বা ১.৪১ শতাংশ কমে ২৫,৪৫৪.৩৫ স্তরে বন্ধ হয়েছে।
সেনসেক্সের প্রধান সংস্থাগুলোর মধ্যে ইন্টারগ্লোব এভিয়েশন, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, আল্ট্রাটেক সিমেন্ট, ট্রেন্ট, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, আদানি পোর্টস, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টেক মাহিন্দ্রা, আইটিসি লিমিটেড এবং পাওয়ার গ্রিডের শেয়ারে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। এই অস্থিরতার মধ্যে বিশ্ববাজারে তেলের মানক ব্রেন্ট ক্রুডের দাম ১.০২ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৭১.০৭ ডলারে পৌঁছেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি