
ভুবনেশ্বর, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): ওড়িশায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি-সহ বিভিন্ন বিষয়ে মঙ্গলবার ওড়িশা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে বিরোধী দল বিজেডি। প্রতিবাদের নেতৃত্ব দেন বিজু জনতা দল (বিজেডি)-এর প্রধান তথা ওড়িশার বিরোধী দলনেতা নবীন পট্টনায়েক।
এদিন ওড়িশা সরকারের বিরুদ্ধে বিজেডি-র প্রতিবাদ প্রসঙ্গে সাংসদ সস্মিত পাত্র বলেন, বিজু জনতা দল আজ কৃষকদের স্বার্থে বিক্ষোভ প্রদর্শন করছে। আমরা প্রতিবাদ করছি কারণ, আমাদের কৃষকরা বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের কাছে প্রতারিত হয়েছে। ধান সংগ্রহ হচ্ছে না, মান্ডিগুলি কার্যকর নেই এবং কৃষকদের কাছে ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) পৌঁছাচ্ছে না। আমরা নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টিও উত্থাপন করছি।
দলের এই প্রতিবাদ প্রসঙ্গে বিজেডি নেত্রী লেখশ্রী সামন্তসিংহ বলেন, ওড়িশা সরকার দুই বছর পূর্ণ করতে চলেছে, কিন্তু সমাজের কোনও অংশের প্রতি ন্যায়বিচার করতে পারেনি। নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ সীমা ছাড়িয়ে গেছে, কিন্তু সরকার সম্পূর্ণ নীরব। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এখনও পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মহিলার উপর নির্যাতনের খবর পাওয়া গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ