
মিরাট, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের মিরাটে মর্মান্তিক ঘটনা। রেডিমেড জামাকাপড়ের ব্যবসায়ীর বাড়িতে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত পাঁচ শিশু-সহ ছয় জন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মিরাটের লিসাদি গেট থানা এলাকায় ৩ নম্বর স্ট্রিট, কিদোয়াই নগরে। ঘটনায় আরও দু'জন গুরুতর দগ্ধ হয়েছেন বলে খবর। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, নিহতেরা হলেন রুখসার (২৫), মাহবিশ (১২), হাম্মাদ (৪), আকদাস (৪), নবিয়া (৪ মাস) এবং ইনায়েত (৪ মাস)।
কিদোয়াই নগরের বাসিন্দা ইকবাল আনসারির বাড়িতে সোমবার রাতে আগুন লাগে। পুলিশ সূত্রে খবর, বাড়িটির নীচের তলায় একটি পোশাকের গুদাম ছিল। সেখানেই প্রথম আগুন লাগে। গুদামে প্রচুর পরিমাণে কাপড় মজুত থাকার কারণে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দোতলায় থাকা বাসিন্দারা কিছু বোঝার আগেই সিঁড়ি পর্যন্ত পৌঁছে যায় আগুন এবং ধোঁয়ায় ভরে যায় ঘর। ফলে দোতলায় আটকে পড়েন বাড়ির বাসিন্দারা।
প্রতিবেশীরা বাড়ি থেকে আগুন এবং ধোঁয়া বের হতে দেখে দ্রুত পুলিশ ও দমকল বিভাগকে খবর দেয়। দমকলকর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বাড়িটি অত্যন্ত সরু গলির ভিতরে হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকলকে। স্থানীয়রাও আগুনে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করতে গিয়ে অসুবিধায় পড়েন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আগুনের তীব্রতা এতটাই ছিল কেউ এগোতে পারছিল না। জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও ক্রমশই আগুনের তীব্রতা বাড়তে থাকে। দমকলকর্মীদের ঘণ্টাখানেকের চেষ্টায় নেভে আগুন। তার পরে পাশের বাড়ির ছাদ ব্যবহার করে বাড়িতে ঢুকে বাসিন্দাদের উদ্ধার করেন দমকলকর্মীরা। অচেতন অবস্থায় সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাঁচ শিশুকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরে আহত এক মহিলার মৃত্যু হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ