
বাগপত, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের বাগপত জেলায় পারিবারিক বিবাদের জেরে দেওরের হাতে বৌদির খুনের অভিযোগের ঘটনা সামনে এসেছে। খেকরা থানা এলাকার অন্তর্গত শঙ্করোদ গ্রামে বুধবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম সাহিল। তিনি তাঁর দাদা নবীনের স্ত্রী চঞ্চলকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। ঘটনার সময় নবীন দোকানে ছিলেন। দুই বছর আগে নবীনের সঙ্গে চঞ্চলের বিয়ে হয়েছিল এবং তাঁদের চার মাসের একটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সাহিল মত্ত অবস্থায় ছিলেন। কোনও বিষয় নিয়ে বৌদির সঙ্গে তাঁর বচসা শুরু হয়। সেই বচসা ক্রমেই হাতাহাতিতে গড়ায় এবং পরে সাহিল ইট দিয়ে চঞ্চলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই চঞ্চলের মৃত্যু হয়।
খেকরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রভাকর কৈন্তুরা জানান, ঘটনার পর অভিযুক্ত বাড়ির ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে এবং গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য