
ঝাড়গ্রাম, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ঝাড়গ্রামের জেলা সদর শহরের প্রধান ডাকঘর চত্বরে বৃহস্পতিবার দুপুরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলা আদালতের একেবারে সামনে অবস্থিত এই গুরুত্বপূর্ণ সরকারি দফতরে বোমা রাখা হয়েছে, এমন একটি হুমকি ইমেল পৌঁছনোর পরই মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রতিদিনের মতো এদিনও সকাল থেকে ডাকঘরের কাজকর্ম স্বাভাবিকভাবেই চলছিল। সাধারণ মানুষের ভিড়ও ছিল যথেষ্ট। সকাল প্রায় সাড়ে ১১টা নাগাদ পোস্টমাস্টার দিলীপবাবুর দফতরে একটি ইমেল আসে। ওই ইমেলে ডাকঘর চত্বরে থাকা পাসপোর্ট পরিষেবা কেন্দ্রে বিস্ফোরণের আশঙ্কার কথা উল্লেখ করা হয় ।
উল্লেখ্য, এই প্রধান ডাকঘর থেকেই পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়। হুমকির খবর জানাজানি হতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ঝাড়গ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সঙ্গে সঙ্গে ডাকঘরের ভেতরে থাকা কর্মী ও সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। গোটা ভবন ও সংলগ্ন এলাকা খালি করে নিরাপত্তার বলয় তৈরি করা হয়। এরপর বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। ডাকঘরের প্রতিটি ঘর, কাউন্টার ও সংরক্ষিত অংশ খুঁটিয়ে পরীক্ষা করা হয়। ইমেলের উৎস, প্রেরকের পরিচয় এবং উদ্দেশ্য জানার চেষ্টা চলছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ডাকঘর চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পুরো এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো