
ঝাড়গ্রাম, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ঝাড়গ্রাম প্রধান ডাকঘরে বোমা থাকার হুমকি ঘিরে বৃহস্পতিবার দুপুরে শোরগোল পড়ল। সকাল থেকে যথারীতি প্রধান ডাকঘরে কাজকর্ম চলছিল, ছিল সাধারণ মানুষের ভিড়ও। সকাল সাড়ে ১১টা নাগাদ পোস্টমাস্টার একটি ইমেল পান। যেখানে ডাকঘর সংলগ্ন পাসপোর্ট অফিসে বোমা থাকার কথা উল্লেখ ছিল। খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ঝাড়গ্রাম থানার পুলিশ। নিরাপত্তার স্বার্থে ডাকঘর চত্বর খালি করে সমস্ত কর্মী ও সাধারণ মানুষকে বাইরে বের করে দেওয়া হয়। পরে বম্ব স্কোয়াডও ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। পুলিশ সূত্রে খবর, ইমেলটিকে বোমা হুমকি হিসেবে ধরে নিয়ে তদন্ত শুরু হয়েছে। এর প্রকৃত উৎস ও সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ডাকঘর খালি করে দেওয়া হয়েছে। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ