
বাঁকুড়া, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): বাঁকুড়া পাসপোর্ট পরিষেবা কেন্দ্রে বোমা রাখা হয়েছে বলে হুমকি ইমেলে আতঙ্ক ছড়াল। বৃহস্পতিবার বাঁকুড়া জেলা ডাকঘরে বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। উল্লেখ্য, পাসপোর্ট পরিষেবা কেন্দ্র ডাকঘর সংলগ্ন। ঘটনার কথা চাউর হতেই ভয়ে ডাকঘরের আধিকারিক ও সেখানে উপস্থিত সাধারণ মানুষ দৌড়ে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তল্লাশি শুরু করে। বাঁকুড়া জেলা ডাকঘরের এক আধিকারিক বলেন, পাসপোর্ট সেন্টারে বোমা রাখা রয়েছে বলে রিজিওনাল পাসপোর্ট অফিসে একটি ইমেল আসে। সেখান থেকে আমাদের সার্কেলে খবর আসে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। তল্লাশি চালানো হচ্ছে। ঘটনায় এ দিন বাঁকুড়া জেলা ডাকঘরের কাজ সাময়িক ব্যাহত হয়। বিষ্ণুপুর মুখ্য ডাকঘরেও একই আতঙ্কে এ দিন বেলা সাড়ে ১২টা থেকে দুপুর দু'টো পর্যন্ত কাজ বন্ধ করা হয়। কর্মীরা বাইরে বেরিয়ে যান। কাজ বন্ধে ক্ষুব্ধ সাধারণ মানুষ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ