
মুর্শিদাবাদ, ২৬ ফেব্রুয়ারি (হি. স.):- মুর্শিদাবাদের সামশেরগঞ্জে পৃথক দুই অভিযানে ৭৫ হাজার টাকার জালনোট ও বিপুল পরিমাণ চোরাই মোবাইল উদ্ধার করল পুলিশ। বুধবার অভিযানে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সামশেরগঞ্জ থানা প্রাঙ্গণে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানান জঙ্গীপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস। উপস্থিত ছিলেন ফরাক্কার এসডিপিও শেখ সামসুদ্দিন এবং সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম ঘটনায় বুধবার সন্ধ্যায় ধুলিয়ান ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকার জালনোট–সহ আনিসুর শেখ নামে এক যুবককে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার পার দেওনাপুর এলাকায়। তাঁর কাছ থেকে ১৫০টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জালনোটগুলি মুর্শিদাবাদে পাচারের উদ্দেশ্যেই আনা হয়েছিল।অন্যদিকে, বুধবার রাতে হিজলতলা এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৯৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় মোবারক হোসেন নামে এক যুবককে। উদ্ধার হওয়া মোবাইলগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে জঙ্গীপুর আদালতে পেশ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়