
হাওড়া, ২৬ ফেব্রুয়ারি (হি. স.):- পিলখানায় প্রমোটার খুনে মূল দুই অভিযুক্তকে পালাতে ও আশ্রয় দিতে সাহায্যের অভিযোগে আরও তিনজনকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতরা হলেন মোহাম্মদ বিলাল, মোহাম্মদ ওয়াকিল ও দিলদার হোসেন। জানা গিয়েছে, এরা কলকাতার বউবাজার এলাকার বাসিন্দা হারুন খানের ঘনিষ্ঠ এবং খুনের ঘটনার পর হারুন খান ও রোহিতকে গা-ঢাকা দিতে সহায়তা করেছিল। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় গোলাবাড়ি থানার ৫৯/২৬ নম্বর মামলায় ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১০৩(১), ২৩৮(ক), ৩(৫) ধারাসহ ২৫/২৭ অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।অন্যদিকে, এই ঘটনার খবর করতে গিয়ে সাংবাদিক নিগ্রহের অভিযোগে গোলাবাড়ি থানার ৬০/২৬ নম্বর মামলায় আরও ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিএনএস-এর একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।তবে মূল দুই অভিযুক্ত এখনও পলাতক। তাদের খোঁজে হাওড়া ও কলকাতার বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বৃহস্পতিবারও থমথমে রয়েছে পিলখানা এলাকা। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। শফিক খানের পরিবার জানিয়েছে, প্রয়োজনে ইনসাফের দাবিতে তারা আবারও আন্দোলনে নামবে। এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়