
নদিয়া, ২৬ ফেব্রুয়ারি (হি স)। কল্যাণী কলেজ অফ মেডিসিন ও জেএনএম হাসপাতালের ছাত্রাবাস থেকে বৃহস্পতিবার এক ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে। মৃত ছাত্রের নাম পুলক হালদার। সূত্রের খবর, ওই পড়ুয়াকে শেষবার ২০ ফেব্রুয়ারি কলেজের ক্যান্টিনে দেখা গিয়েছিল। তার পর থেকেই ওই পড়ুয়া নিজের হস্টেলেই ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ওই পড়ুয়ার হস্টেলের ঘরের দরজা শেষ তিন দিন বন্ধ ছিল। কয়েকদিন কেউ খোঁজ নেননি। এ দিন সকালে দুর্গন্ধ বেরোতে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খুন না আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু— এখনও স্পষ্ট নয়।
মেডিক্যাল কলেজ সূত্রে খবর, পুলক হালদারের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ধামুয়ায়। পরের মাসেই তাঁর পরীক্ষা ছিল। তিনি অবসাদে ছিলেন কি না সে ব্যাপারেও নিশ্চিত করে কিছু বলতে পারেননি সহপাঠীরা। গোটা বিষয়টি খতিয়ে দেখছে কল্যাণী থানার পুলিশ। পুলকের পরিবারের সদস্যদের খবর দেওয়ার পর তাঁরা মেডিক্যাল কলেজে যান।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত