
বাঁকুড়া, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে বাঁকুড়া সদর বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থী হিসেবে বর্তমান বিধায়ক নীলাদ্রি দানা-কে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানালেন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। দলীয়ভাবে প্রার্থী তালিকা প্রকাশের আগেই প্রকাশ্যে নাম ঘোষণাকে ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, বাঁকুড়া সদর কেন্দ্রের বর্তমান এমএলএ নীলাদ্রি দানা এবং তিনিই এবারেও দলের প্রার্থী হবেন। জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, এবার আরও বেশি ভোটে নীলাদ্রি দানাকে জয়ী করতে হবে। তিনি জনতার উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, ‘জেতাবেন তো?’
প্রার্থী ঘোষণাকে ঘিরে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গে নীলাদ্রি দানা বলেন, “আমরা বিজেপির সৈনিক। মোদীজি আমাদের নেতা। দল যা নির্দেশ দেবে, সেই অনুযায়ীই কাজ করব। আগামী নির্বাচনে দলকে জেতানোই আমাদের লক্ষ্য।”
অন্যদিকে, দলীয় প্রক্রিয়া উপেক্ষা করে প্রার্থীর নাম ঘোষণাকে কেন্দ্র করে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বক্তব্য, বিগত পাঁচ বছরে বিজেপি বিধায়ক কী কাজ করেছে, তা আগে জনগণকে জানানো উচিত। তারপর নির্বাচনে জয়ের কথা বলা উচিত।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট