
কলকাতা, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): বকেয়া মহার্ঘ ভাতার (ডিএ) দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিলে বৃহস্পতিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়লো ধর্মতলা চত্বর। আন্দোলনকারীরা রাস্তায় বসে পড়ায় ধর্মতলা দিয়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। সংলগ্ন চিত্তরঞ্জন অ্যাভিনিউ-সহ একাধিক রাস্তায় গাড়ির লম্বা লাইন পড়ে যায়। যার ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
এদিন দুপুরে মেট্রো চ্যানেল থেকে কালীঘাট পর্যন্ত একটি মহামিছিলের ডাক দেওয়া হয়। এই অভিযানে সংগ্রামী যৌথ মঞ্চ-সহ অনেক সংগঠন অংশ নেয়। দুপুর গড়াতেই কাতারে কাতারে কর্মীরা এই মিছিলে অংশ নেন। মুহূর্তে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। ধর্মতলা কার্যত অবরুদ্ধ হয়ে ওঠে। আন্দোলনকারীরা অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ পরিশোধের দাবি তুলেছেন।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ অবিলম্বে মেটানোর জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ। বাকি ডিএ কী ভাবে, কবে মেটানো হবে, তা নির্দিষ্ট করতে একটি চার সদস্যের কমিটি গঠন করে দেয় শীর্ষ আদালত। আদালতের আরও নির্দেশ ছিল, টাকার অঙ্ক এবং বকেয়া টাকা মেটানোর দিন নির্ধারিত করতে হবে ৬ মার্চের মধ্যে। কমিটির নির্ধারিত প্রথম কিস্তির টাকা দিতে হবে ৩১ মার্চের মধ্যে। আদালতের নির্দেশ কার্যকর হলো কি না, তা জানাতে একটি রিপোর্ট (কমপ্লায়েন্স রিপোর্ট) ১৫ এপ্রিলের মধ্যে সর্বোচ্চ আদালতে জমা দিতে হবে, সেকথাও জানানো হয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ