(আপডেট) বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ, ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের
ঝাড়গ্রাম, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): গ্রামের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সকালে ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। ঝাড়গ্রাম–শিলদা রাজ্য সড়কের বেতকুন্দরী ও দহিজুড়ির মধ্যবর্তী এলাকায় এই পথ অবরোধে সামিল হন গ্রামের পুরুষ
(আপডেট) বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ, ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের


ঝাড়গ্রাম, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): গ্রামের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সকালে ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। ঝাড়গ্রাম–শিলদা রাজ্য সড়কের বেতকুন্দরী ও দহিজুড়ির মধ্যবর্তী এলাকায় এই পথ অবরোধে সামিল হন গ্রামের পুরুষ ও মহিলারা। দ্রুত রাস্তা মেরামতের ব্যবস্থা না হলে আসন্ন বিধানসভা নির্বাচন বয়কটেরও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম ব্লকের রাধানগর অঞ্চলের খারাংডাঙা থেকে কন্যাডোবা গ্রাম পর্যন্ত কয়েক কিলোমিটার দীর্ঘ রাস্তা দীর্ঘদিন ধরেই চরমভাবে খানাখন্দে ভরা। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্কুলপড়ুয়া, রোগী নিয়ে হাসপাতালে যাতায়াত করা পরিবার–সহ নিত্যযাত্রীদের প্রতিদিনই গুরুতর সমস্যার মুখে পড়তে হচ্ছে।

অভিযোগ, একাধিকবার প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও স্থায়ী সমাধানের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এরই প্রতিবাদে এদিন সকাল থেকে রাজ্য সড়ক অবরোধ শুরু করেন গ্রামবাসীরা। ফলে ঝাড়গ্রাম-শিলদা রুটে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং কয়েক ঘণ্টা ধরে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিনপুর থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে রাস্তা সংস্কারের বিষয়ে প্রশাসনিক স্তরে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হলে অবশেষে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। তবে তাঁরা স্পষ্ট জানিয়েছেন, দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করা হবে এবং নির্বাচনে ভোট বয়কটের সিদ্ধান্তে অনড় থাকবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande