
উত্তর ২৪ পরগনা, ২৬ ফেব্রুয়ারি (হি. স.):- উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট–২ নম্বর ব্লকের মথুরাপুর এলাকায় এক চার বছরের শিশুকে আইসিডিএস কেন্দ্র থেকে ফেরানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, শিশুটির বাবা এইচআইভি-তে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আইসিডিএস কেন্দ্রে পড়তে দেওয়া হয়নি।বৃহস্পতিবার পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে অসুস্থতার কারণে শিশুটির বাবাকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এইচআইভি-তে আক্রান্ত হওয়ার বিষয়টি এলাকায় জানাজানির পর শিশুটি প্রতিদিনের মতো আইসিডিএস কেন্দ্রে গেলে দিদিমণি তাকে বাড়ি ফিরে যেতে বলেন বলে অভিযোগ। শিশুটি বাড়িতে এসে বিষয়টি জানালে তার মা কারণ জানতে কেন্দ্রে যান। পরিবারের দাবি, সেখানে জানানো হয় শিশুটির বাবা এইচআইভি আক্রান্ত হওয়ায় তাকে আর কেন্দ্রে রাখা যাবে না।এই ঘটনায় শিশুটি ও তার মা কান্নায় ভেঙে পড়েন। বসিরহাট মহকুমা শাসকের দফতরে ইমেল মারফত অভিযোগ জানিয়েছে ওই শিশুর পরিবার। সিডিপিও অফিসেও লিখিত অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি, অন্য শিশুদের মতোই তাদের সন্তানকে পড়াশোনার সুযোগ দিতে হবে।অন্যদিকে আইসিডিএস কেন্দ্রের দিদিমণি ছবি হালদার অভিযোগ অস্বীকার করে জানান, তিনি কাউকে বের করে দেননি; তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়