
মালদা, ২৬ ফেব্রুয়ারি (হি. স.): বন্ধুকে পিটিয়ে খুনের অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে বৃহস্পতিবার মালদার মানিকচকের সাহেবনগর এলাকায় তুমুল বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। টায়ার জ্বালিয়ে মালদা-মানিকচকগামী রাজ্য সড়ক অবরোধ করা হয়।জানা গিয়েছে, গত রবিবার মানিকচক থানার চৌকি মীরদাদপুর অঞ্চলের সাহেবনগরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযোগ, সাহেল নামে এক যুবকের ছবি ব্যবহার করে ভুয়ো ফেসবুক আইডি চালাত তার বন্ধু আমরাজ। বিষয়টি জানতে পেরে সাহেল আমরাজের বাড়িতে গিয়ে ওই আইডি বন্ধ করার দাবি জানান। তা নিয়ে বচসা বাধে। এরপর আমরাজ, তার বাবা শেখ ফিজুর ও পরিবারের অন্যান্য সদস্যরা লাঠি ও বাঁশ দিয়ে সাহেলকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।গুরুতর জখম অবস্থায় সাহেলকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে মৃতের পরিবার ও গ্রামবাসীরা ধর্মপুর স্ট্যান্ডে অবরোধে সামিল হন। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে তাঁরা সোচ্চার হন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়