
পশ্চিম সিংভূম, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার চক্রধরপুর শহরে বুধবার গভীর রাতে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গাংখোলি এলাকায় সংঘটিত এই ঘটনায় শহরজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
নিহত যুবকের পরিচয় রাজ তাঁতি হিসেবে জানা গেছে। তিনি শীতলা মন্দির ওয়ার্ড নম্বর ৭-এর বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ন’টা নাগাদ অর্থ লেনদেন সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে রাজ তাঁতির সঙ্গে এক যুবকের বচসা শুরু হয়। সেই বচসা অল্প সময়ের মধ্যেই মারধরে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, বিবাদের মধ্যেই অভিযুক্ত ব্যক্তি হঠাৎ ধারালো অস্ত্র বের করে রাজ তাঁতির গলা ও পেটে একাধিক আঘাত করে। গুরুতর জখম অবস্থায় তিনি কোনওরকমে ঘটনাস্থল থেকে পালিয়ে নিজের বাড়ি পর্যন্ত পৌঁছলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেখানে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের বাবা মারতুল তাঁতি সন্নি প্রধান নামে এক যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, ধার দেওয়া টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করেই তাঁর ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
খবর পেয়ে পোডাহাটের ডিএসপি কুমার বিনোদ, চক্রধরপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অবধেশ কুমার-সহ পুলিশ বাহিনী ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে নিহতের বোন দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে অবৈধ ব্রাউন সুগার কারবারের যোগ থাকতে পারে। তাঁর বক্তব্য, মাদক সংক্রান্ত আর্থিক লেনদেনের জেরেই এই খুন হয়েছে বলে সন্দেহ। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত চালাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য