
কলকাতা, ২৬ ফেব্রুয়ারি (হি. স.) : এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন -এর অন্তর্গত ই এস আই হাসপাতাল, মাণিকতলাতে বৃহস্পতিবার চালু হল ১৯টি অত্যাধুনিক আইটিইউ বেড। প্রায় ৪ কোটি ৯৫ লক্ষ টাকার ব্যয়ে গড়ে ওঠা এই পরিকাঠামো যুক্ত হওয়ায় এই মুহূর্তে হাসপাতালটির মোট আইটিইউ শয্যা সংখ্যা বেড়ে হল - ৫২। এর আগে এখানে ৩৩টি আইটিইউ বেড ছিল। সম্প্রসারিত এই পরিষেবার ফলে রাজ্যের অন্যান্য ইএসআই হাসপাতাল থেকে রেফার হওয়া রোগীরা সহজেই উন্নত ক্রিটিক্যাল কেয়ার পাবেন বলে কর্তৃপক্ষের তরফেও দাবি করা হয়েছে। এর পাশাপাশি বেসরকারি টাই-আপ হাসপাতালের উপর রোগী নির্ভরতা কমবে এবং সরকারি খরচও সাশ্রয় হবে।
এদিন ওই পূর্ব নির্ধারিত প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের শ্রম, আইন ও বিচার বিভাগের মন্ত্রী মলয় ঘটক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমকল ও জরুরি পরিষেবা দফতরের মন্ত্রী সুজিত বোস । এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিধায়িকা সুপ্তি পান্ডে, মেয়র-ইন-কাউন্সিলের সদস্য স্বপন সমাদ্দার, শ্রম দফতরের সচিব অবনীন্দ্র সিং, ইএসআইসি পূর্বাঞ্চলের আঞ্চলিক অধিকর্তা অচিন্ত্য মণ্ডল ও হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা. ইন্দ্রনীল দাস-সহ অন্যান্যরা। কর্তৃপক্ষের বক্তব্য, এই উদ্যোগ শ্রমজীবী মানুষের উন্নত স্বাস্থ্যসুরক্ষায় সরকারের অঙ্গীকারেরই প্রতিফলন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত