
শ্রীনগর, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): শ্রীনগরের এইচএমটি শিল্পাঞ্চলে বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তুলোর কারখানা সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল জরুরি ভিত্তিতে আগুন নেভানোর কাজ শুরু করে।
রাজ্য অগ্নিনির্বাপণ নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে পৌঁছে দমকলকর্মীরা দেখতে পান, তুলোর কারখানাটি সম্পূর্ণভাবে আগুনের গ্রাসে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জেভিসি বীর দমকল কেন্দ্র থেকেও অতিরিক্ত দমকল বাহিনীর কর্মীদের পাঠানো হয়। পাশাপাশি আগুন নেভানোর কাজে ফোম–ও মোতায়েন করা হয়েছে।
দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি যাতে তা পার্শ্ববর্তী শিল্প সংস্থাগুলিতে ছড়িয়ে না পড়ে, সে দিকেও বিশেষ নজর রাখছেন। দমকলের এডিজিপি অলোক কুমারের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শ্রীনগর অগ্নিনির্বাপণ কেন্দ্রের উপ-নির্দেশক ড. মীর আকিব হুসেন সহ অন্যান্য পদস্থ দমকল আধিকারিকরা। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য