
শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারি (হি. স.):- নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে জনজাতিদের ডাকা ‘উত্তরকন্যা অভিযান’ ঘিরে বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কয়েক হাজার মানুষ মিছিল করে উত্তরকন্যার উদ্দেশে রওনা দেন। ফুলবাড়ি মোড়ে পুলিশ ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় ও বিশাল ব্যারিকেড গড়ে মিছিল আটকে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে এগোতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ছোড়ে এবং পরে লাঠিচার্জ করে। উত্তেজনা আরও বাড়লে জলকামান ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করা হয়। আন্দোলনকারীদের একাংশের অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণভাবে দাবি জানাতে যাচ্ছিলেন, কিন্তু পুলিশ বিনা প্ররোচনায় বলপ্রয়োগ করেছে।পুলিশের তরফে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনায় কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশকর্মী সামান্য আহত হয়েছেন বলে জানা গিয়েছে।বর্তমানে ফুলবাড়ি এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। যান চলাচল কার্যত ব্যাহত। পরিস্থিতি থমথমে থাকলেও আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়