
কোচবিহার, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): কোচবিহার জেলার মাথাভাঙা-কোচবিহার ১৬ এ রাজ্য সড়কের বাঘমারা এলাকায় বৃহস্পতিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। জানা গিয়েছে, একটি বাইক ও একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তার জেরে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আরেকজন আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন গৌর সাহা ও প্রনব দে। উভয়ের বয়স যথাক্রমে ছাব্বিশ ও পঁচিশ। দু’জনেই ফটোগ্রাফির কাজের সঙ্গে যুক্ত ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ