
সাব্রুম (ত্রিপুরা), ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম শহরের হাসপাতাল সংলগ্ন নেতাজিপাড়া এলাকায় বৃহস্পতিবার সকালে প্রাণী সম্পদ বিকাশ দফতরের কর্মচারীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা চন্দ্রশেখর রায়ের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন ৩৮ বছর বয়সি মতেন্দ্র ত্রিপুরা। তিনি প্রাণী সম্পদ বিকাশ দফতরের কর্মচারী ছিলেন। তাঁর বাড়ি রুপাইছড়ি ব্লকের বিষ্ণুপুর এলাকায়।
বৃহস্পতিবার সকালে দীর্ঘক্ষণ দরজা না খোলায় অন্য ভাড়াটিয়ারা ডাকাডাকি করেন। কোনও সাড়া না পেয়ে দরজা খুলে ঘরে প্রবেশ করলে দেখা যায়, খাটের এক পাশে ঘরের মেঝেতে নিথর অবস্থায় পড়ে রয়েছেন মতেন্দ্র ত্রিপুরা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে ফরেনসিক টিম এবং মহকুমা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সাব্রুম মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
সহকর্মীদের দাবি, বুধবার রাতেও তাঁর সঙ্গে কথা হয়েছিল এবং তখন তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ