
জোলাইবাড়ি (ত্রিপুরা), ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু । বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি কলসীতে ডি এম এম ধাম্মাদীপা স্কুলের নতুন ভবনের উদ্বোধন ও স্কুলের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
রাজ্যপাল বলেন, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের মানবতাবোধের শিক্ষায়ও শিক্ষিত হয়ে উঠতে হবে। পরীক্ষায় ভালো ফলাফল শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক হলেও মানবিক মূল্যবোধই তাদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চায় উৎসাহিত করেন।
অনুষ্ঠানে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, রাজ্যের ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষায় শিক্ষিত করে তুলতে বর্তমান রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষা পরিকাঠামো উন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা চালুর ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধাম্মাদীপা স্কুলের অধ্যক্ষ ড. খেমছেড়া। উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, ধাম্মাদীপা বুদ্ধিস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নরসিমা রাও, দক্ষিণ জেলার অতিরিক্ত জেলাশাসকসহ অন্যান্যরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ