
কৈলাসহর (ত্রিপুরা), ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : ঊনকোটি জেলার ফটিকরায়-গোকুলনগর ৩ নম্বর ওয়ার্ড ও পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘদিন ধরে চলা পানীয় জলের সংকটকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, সংশ্লিষ্ট দফতরের গাফিলতির কারণেই নিয়মিত জল সরবরাহ ব্যাহত হচ্ছে।
এই পরিস্থিতির প্রতিবাদে এলাকার মহিলারা ফটিকরায়ের শক্তিসংঘ ক্লাব সংলগ্ন এলাকায় কৈলাসহর-কমলপুর বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের দাবি, দায়িত্বপ্রাপ্ত কিছু আধিকারিকের কর্তব্যে অবহেলার জেরে দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এমনকি বিষয়টি নিয়ে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও সংশ্লিষ্ট দফতরের তরফে সন্তোষজনক সাড়া মেলেনি বলেও অভিযোগ তোলেন তাঁরা। শুষ্ক মৌসুমে যাতে নিয়মিত ও পর্যাপ্ত জল সরবরাহ নিশ্চিত করা হয়, সেই দাবিতেই এদিনের এই অবরোধ কর্মসূচি বলে জানান স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফটিকরায় থানার ওসি সহদেব দাস সহ পুলিশ ও টিএসআর বাহিনী। পাশাপাশি উপস্থিত হন পানীয় জল ও স্বাস্থ্যবিধান দফতরের কুমারঘাট সাব-ডিভিশন অফিসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রাজেশ দেবনাথ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তাঁরা এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন।
প্রায় কয়েক ঘণ্টা অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। তবে অবরোধের জেরে সড়কের দু’পাশে দীর্ঘক্ষণ ধরে বহু যানবাহন আটকে পড়ে, ফলে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ