রুপাইছড়িতে সখি শিল্প মেলায় উৎসবের আবহ, নারী স্বনির্ভরতার বার্তা
সাব্রুম (ত্রিপুরা), ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার রুপাইছড়ি আরডি ব্লকের উদ্যোগে বৃহস্পতিবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ‘সখি শিল্প মেলা’। নারী স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এই মেলাকে ঘিরে গোটা এলাকায় উৎসবম
শখি শিল্প মেলা রুপাইছড়িতে


সাব্রুম (ত্রিপুরা), ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার রুপাইছড়ি আরডি ব্লকের উদ্যোগে বৃহস্পতিবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ‘সখি শিল্প মেলা’। নারী স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এই মেলাকে ঘিরে গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক, সাব্রুমের মহকুমা শাসক সুমন রক্ষিত, রুপাইছড়ি আরডি ব্লকের বিডিও প্রীতম দেবনাথ সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক সুমন রক্ষিত বলেন, নারীরা আজ আর পিছিয়ে নেই, তাঁরা নিজের পরিচয় নিজেই গড়ে তুলতে সক্ষম। সমাজ ও অর্থনীতির মূল স্রোতে নারীদের অংশগ্রহণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর বক্তব্যে নারী ক্ষমতায়নের গুরুত্ব স্পষ্টভাবে উঠে আসে।

অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্ত ছিল বাল্যবিবাহ রোধে শপথ গ্রহণ। ছোট্ট শিশু সারিকা ত্রিপুরা দৃঢ় ও স্পষ্ট কণ্ঠে শপথ পাঠ করলে উপস্থিত সকলেই আপ্লুত হন। পরে আনুষ্ঠানিকভাবে রুপাইছড়ি আরডি ব্লকের নতুন লোগোর শুভ উদ্বোধন করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই মেলায় মোট ২৪টি স্বসহায়ক দলের স্টল খোলা হয়েছে। ব্লক এলাকায় মোট ৬০৮টি স্বনির্ভর গোষ্ঠী (এসএইচজি) রয়েছে, যেখানে যুক্ত আছেন ৫,৫৪৬ জন মহিলা। পাশাপাশি ব্লকে ‘লাখপতি দিদি’র সংখ্যা ৪৬ জন। আয়োজকদের মতে, এই শিল্প মেলা নারীদের তৈরি হস্তশিল্প ও গৃহজাত পণ্যের বিপণনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে এবং তাঁদের আর্থিক স্বনির্ভরতা আরও সুদৃঢ় করবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande