
জয়পুর, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই রাজস্থানে গরমের প্রভাব স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে। টানা দ্বিতীয় দিনে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করা হয়েছে। বিশেষ করে পশ্চিম রাজস্থানের একাধিক জেলায় দিনের তাপমাত্রা ৩৩ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় দুপুরের সময় তীব্র গরম অনুভূত হচ্ছে।
বৃহস্পতিবার আবহাওয়া দফতরের সূত্রে জানা গেছে , আগামী এক সপ্তাহ রাজ্যজুড়ে আকাশ পরিষ্কার থাকবে এবং রোদের কারণে তাপমাত্রা আরও বাড়তে পারে। বিগত ২৪ ঘণ্টায় পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে। এর মধ্যে বারমেরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। জয়সলমীর, যোধপুর, পালি, বিকানের এবং জালোর-সহ একাধিক জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির ঘর ছাড়িয়েছে।
দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি সকাল ও সন্ধ্যার হালকা শীতও ক্রমশ কমে যাচ্ছে। জয়পুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। জয়পুরে সকাল থেকেই কড়া রোদ লক্ষ্য করা যাচ্ছে এবং দুপুরের দিকে গরমের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই পরিস্থিতি বজায় থাকলে মার্চের শুরুতেই রাজ্যে গরমের তীব্রতা আরও বাড়তে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য