
ভাগলপুর, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): বিহারের ভাগলপুর জেলার শিবনারায়ণপুর থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৭০০ গ্রাম মাদক (ব্রাউন সুগার) ও ২৬,৭০০ টাকা নগদ-সহ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। শুক্রবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে জেলার এসএসপি প্রমোদ কুমার এই তথ্য জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ মাদক, অস্ত্র ও বেআইনি কার্যকলাপ রুখতে নিয়মিত টহল ও অভিযান চালানো হচ্ছে। এরই মধ্যে গোপন সূত্রে খবর পাওয়া যায়, শিবনারায়ণপুর বাজার চকের কাছে মাদক কেনাবেচা চলছে। খবরের ভিত্তিতে ভাগলপুরের পুলিশ সুপার (শহর) এর তত্ত্বাবধানে এবং কাহালগাঁও-০২ মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে একটি দল গঠন করা হয়।
অভিযানকালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা কয়েকজন পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলে তাড়া করে হিমাংশু কুমার ওরফে গোলু কুমারকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৭০০ গ্রাম মাদক (ব্রাউন সুগার) ও ২৬,৭০০ টাকা নগদ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত চলছে। তার বিরুদ্ধে পূর্বেও অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য