(আপডেট )পরপর দু’দিন বোমা বিস্ফোরণের হুমকি, ঝাড়গ্রাম প্রধান ডাকঘরে চাঞ্চল্য
ঝাড়গ্রাম, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : বৃহস্পতিবারের ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার ফের বোমা বিস্ফোরণের হুমকি এল ঝাড়গ্রাম প্রধান ডাকঘর-এ। পরপর দু’দিন ই-মেলে হুমকি বার্তা আসায় চাঞ্চল্য ছড়ায় ঝাড়গ্রাম শহরের জেলা সদর এলাকায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে,
(আপডেট )পরপর দু’দিন বোমা বিস্ফোরণের হুমকি, ঝাড়গ্রাম প্রধান ডাকঘরে চাঞ্চল্য


ঝাড়গ্রাম, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : বৃহস্পতিবারের ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার ফের বোমা বিস্ফোরণের হুমকি এল ঝাড়গ্রাম প্রধান ডাকঘর-এ। পরপর দু’দিন ই-মেলে হুমকি বার্তা আসায় চাঞ্চল্য ছড়ায় ঝাড়গ্রাম শহরের জেলা সদর এলাকায়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে কলকাতা থেকে পাঠানো একটি ই-মেলে দাবি করা হয় যে, আগের দিন পুলিশের সমস্ত তৎপরতা নজরদারিতে রাখা হয়েছিল। একই সঙ্গে হুমকি দেওয়া হয়, দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ সায়ানাইড গ্যাস ভর্তি আরডিএক্স বিস্ফোরণ ঘটানো হবে। ই-মেলটি হাতে আসতেই প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। নিরাপত্তার স্বার্থে তড়িঘড়ি খালি করে দেওয়া হয় পোস্ট অফিস ভবন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ করে দেওয়া হয় একই চত্বরে থাকা পাসপোর্ট পরিষেবা কেন্দ্রের কাজও। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ও স্নিফার ডগ দল পৌঁছে গোটা ভবন ও সংলগ্ন এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে। আদালত সংলগ্ন এলাকা হওয়ায় নিরাপত্তা আরও জোরদার করা হয় এবং সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয়।

এই ঘটনার জেরে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। অনেকেই দূরদূরান্ত থেকে ডাকঘর ও পাসপোর্ট সংক্রান্ত কাজে এসে দীর্ঘক্ষণ অপেক্ষার পর পরিষেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবারও একই ধরনের বোমা হুমকির জেরে ঝাড়গ্রাম প্রধান ডাকঘর খালি করে তল্লাশি চালানো হয়েছিল। যদিও সেদিন কোনও বিস্ফোরক মেলেনি। পরপর দু’দিন একই ধরনের হুমকি আসায় বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে প্রশাসন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ই-মেলের উৎস চিহ্নিত করতে সাইবার সেলের সহায়তায় তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande