
কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি. স.)। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গে বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ফের সামনে এসেছে। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর সাংগঠনিক জেলা। দলীয় কার্যালয়ের ভিতরে প্রাক্তন জেলা সভাপতি তথা ব্যারাকপুর-সহ চার জেলার সমন্বয়ক সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বলে দাবি। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা হিন্দুস্থান সমাচার যাচাই করেনি। অভিযোগ উঠেছে, বিজেপি নেতা অর্জুন সিং-এর অনুগামীরাই এই ঘটনায় জড়িত। যদিও অর্জুন সিং শুক্রবার সকালে বলেন, ঘটনার বিষয়ে তাঁর কাছে নির্দিষ্ট কোনও তথ্য নেই। তিনি জানান, কর্মীদের সঙ্গে কথা বলে বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হবে।
দলীয় সূত্রের দাবি, ব্যারাকপুর সাংগঠনিক জেলায় দীর্ঘদিন ধরেই আর্থিক তহবিলের ব্যবহারকে কেন্দ্র করে মতানৈক্য চলছিল। অভিযোগ, সেই বিরোধই প্রথমে তীব্র বাকবিতণ্ডায় এবং পরে হাতাহাতির ঘটনায় রূপ নেয়। ভাইরাল হওয়া ভিডিওতে সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে দলীয় কার্যালয়ের ভিতরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বলে দাবি করা হয়েছে। পরে কয়েকজন কর্মীকে তাঁর সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যায় বলেও অভিযোগ।
ঘটনার পর দলীয় কার্যালয়ে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় বলে জানা গিয়েছে। তবে ভিডিওটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। স্থানীয় স্তরে ভারতীয় জনতা পার্টি-র কোনও নেতা আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দিতে চাননি। জেলা বিজেপি সূত্রে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত