
খড়গপুর, ২৭ ফেব্রুয়ারি (হি. স.):- শুক্রবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর ক্যাম্পাসের ভিতরে অবস্থিত পাসপোর্ট কাম পোস্ট অফিসে বোমা বিস্ফোরণের হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়াল শুক্রবার। বেলা প্রায় ১২টা নাগাদ একটি ইমেইলে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পোস্ট অফিসের পরিষেবা বন্ধ রাখা হয় দুপুর সাড়ে ১২টা থেকে ২টো পর্যন্ত।জানা গিয়েছে, হুমকির ইমেইলটি কলকাতার রিজিওনাল পাসপোর্ট অফিসে আসে। সেখান থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সতর্ক করা হয়। এরপরই পোস্টমাস্টারের নির্দেশে সমস্ত কর্মী ও উপস্থিত গ্রাহকদের দ্রুত বাইরে বের করে দিয়ে মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। খবর দেওয়া হয় খড়গপুর টাউন থানার অধীন হিজলি পুলিশ ফাঁড়িতে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে।পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েন বহু গ্রাহক। কেউ পিএলআই-এর টাকা জমা দিতে, কেউ জরুরি স্পিড পোস্ট করতে এসেছিলেন। খড়গপুর শহরের তালবাগিচার বাসিন্দা কৌশিক দেব বলেন, “বোমাতঙ্কের কথা শুনে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়েছি। কাজ না করেই ফিরতে হচ্ছে।”পোস্ট অফিসের এক কর্মী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়