
হাওড়া, ২৭ ফেব্রুয়ারি (হি. স.): কলকাতা, হাওড়া এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে শুক্রবার দুপুরে আচমকা অনুভূত হল ভূমিকম্প। দুপুর আনুমানিক ১টা ২২ মিনিট নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মাঝারি মাত্রার এই কম্পন অনুভূত হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৪.৯ থেকে ৫.৪-এর মধ্যে। কম্পন স্থায়ী ছিল মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু তাতেই শহর ও শহরতলিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।বিশেষ করে বহুতল আবাসন এবং অফিসগুলিতে কম্পনের অভিঘাত ছিল তুলনামূলক বেশি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘরের সিলিং ফ্যান দুলতে শুরু করে এবং টেবিলের ওপর রাখা গ্লাসের জল কাঁপতে দেখা যায়। প্রাণভয়ে আতঙ্কিত বাসিন্দারা দ্রুত ঘর ও অফিস ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। হাওড়া শহরের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উলুবেড়িয়া এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গিয়েছে।এদিন দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কম্পনের ফলে কোথাও কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। হঠাৎ এই প্রাকৃতিক বিপর্যয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, কম্পন মাঝারি মাত্রার হলেও পরবর্তী পরিস্থিতির কথা মাথায় রেখে সাধারণ মানুষের সচেতনতা ও সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত