
উজ্জয়িনী , ২৭ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে সামাজিক মাধ্যমে শ্রী মহাকালেশ্বর মন্দিরে বিতরণযোগ্য শ্রীঅন্ন রাগি লাড্ডু প্রসাদ নিয়ে বিভ্রান্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তের নাম রোশন যাদব, সে উজ্জয়িনীর বাসিন্দা।
মহাকালেশ্বর মন্দির প্রবন্ধন সমিতি শুক্রবার এক বিবৃতিতে জানায়, ভাইরাল ভিডিওটিতে রাগি লাড্ডু প্রসাদের মান নিয়ে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে প্রসাদ ভাঙা ও অস্বাস্থ্যকর বলে দেখানো হয়েছে। সমিতির দাবি, ভিডিওটি বিভ্রান্তিকর ও মন্দিরের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তৈরি।
সমিতির তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, শ্রীঅন্ন রাগি লাড্ডু প্রসাদ সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত পরিবেশে রাগির আটা (মিলেট), গুড় ও বিশুদ্ধ ঘি দিয়ে নির্ধারিত মান বজায় রেখে প্রস্তুত করা হয়। প্রতিদিন হাজার হাজার ভক্ত গভীর বিশ্বাস ও আস্থার সঙ্গে এই প্রসাদ গ্রহণ করেন। রাগি দিয়ে প্রস্তুত এই প্রসাদ ক্যালসিয়াম, আয়রন ও ফাইবারে সমৃদ্ধ এবং স্বাস্থ্যসম্মত।
বিবৃতিতে আরও জানানো হয়, ভাইরাল ভিডিওতেই অন্য প্যাকেটে প্রসাদ সঠিকভাবে রাখা দেখা যাচ্ছে, যা থেকে স্পষ্ট হয় যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এই ঘটনায় মহাকাল থানায় অভিযুক্ত রোশন যাদবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মন্দির প্রবন্ধন সমিতি সকল ভক্তদের কাছে আবেদন জানিয়েছে, সামাজিক মাধ্যমে প্রচারিত ভ্রান্ত ও ভিত্তিহীন তথ্য থেকে সতর্ক থাকতে এবং শুধুমাত্র সরকারি ও অনুমোদিত সূত্র থেকেই তথ্য যাচাই করতে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য