
সিকর, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): ফাল্গুন মেলার প্রধান দিনে শুক্রবার রাজস্থানের সিকর জেলার খাটু শ্যামজি ভক্তদের দর্শন দিতে ১২৫ কেজি রুপো দিয়ে নির্মিত বিশালাকার রথে শহর পরিক্রমা করেন। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রথে উপবিষ্ট শ্যামজির দর্শনের জন্য বিপুল সংখ্যক ভক্ত খাটুতে সমবেত হন। ফাল্গুনী একাদশী উপলক্ষে শতাব্দীপ্রাচীন প্রথা অনুসারে আয়োজিত এই রথযাত্রা শুক্রবার সকাল ১১টা ১৫ মিনিটে মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান পথ অতিক্রম করে পুনরায় মন্দিরে ফিরে আসে। রথযাত্রা চলাকালীন খাটু শ্যামজির নামে জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়। পুলিশ ও উদ্ধারকারী দল মোতায়েন ছিল এবং পরিস্থিতি সার্বিকভাবে নজরদারি করা হয়। উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ফাল্গুন মেলার সমাপ্তি হবে ২৮ ফেব্রুয়ারি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য