
কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি. স.): মুর্শিদাবাদ জেলার লালবাগ সদরঘাটে ভেসেলে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল একটি চারচাকা গাড়ি। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তবে বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন গাড়ির চালক তথা মালিক প্রকাশ সর্দার।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে লালবাগ সদরঘাটে গাড়িটি ভেসেলে ওঠার সময় যান্ত্রিক গোলযোগের কারণে আচমকা নিয়ন্ত্রণ হারায় এবং সটান ভাগীরথী নদীতে গিয়ে পড়ে। বিপদ দেখে ঘাটে উপস্থিত মাঝিরা তৎক্ষণাৎ নদীতে ঝাঁপিয়ে পড়েন এবং চালক প্রকাশ সর্দারকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে গাড়িটিকেও নদী থেকে টেনে তোলা হয়েছে। বর্তমানে প্রকাশ সর্দার সুস্থ আছেন বলে জানা গিয়েছে।স্থানীয়দের অভিযোগ, ছোট গাড়ি পারাপারের জন্য নির্দিষ্ট স্টিমার পরিষেবা থাকলেও অনেকেই ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের সঙ্গে ভেসেল ব্যবহার করেন। এই ঝুঁকিপূর্ণ পারাপারের জন্য স্থানীয়দের একাংশ ঘাট কর্তৃপক্ষের নিরাপত্তার অভাবকেই দায়ী করেছেন।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রুখতে জেলা প্রশাসন ও পুলিশ এখন অনেক বেশি সতর্ক। উল্লেখ্য, লালবাগ সদরঘাটে গাড়ি পারাপার নিয়ে দুর্ঘটনার ইতিহাস বেশ দীর্ঘ। ২০২১ সালে এক স্কুল প্রধান শিক্ষক এবং ২০২৩ সালে একটি পরিবারের সদস্যরা নৌকায় গাড়ি তুলতে গিয়ে নদীতে পড়ে প্রাণ হারিয়েছিলেন। সেই সমস্ত মর্মান্তিক ঘটনার পর স্টিমার পরিষেবা চালু হলেও অসতর্কতার কারণে এখনও অনেকে ভেসেল ব্যবহার করছেন।মঙ্গলবারের এই আকস্মিক ঘটনার পর নদীপাড়ে প্রচুর মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনা ফের একবার নদী পারাপারের ক্ষেত্রে নিরাপত্তার প্রশ্নটি সামনে এনে দিয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত