
কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি. স.): পূর্ব ভারতের নাবিকদের পরিষেবা ও কল্যাণমূলক কাজ আরও সহজলভ্য করতে পাটনায় 'মারক্যান্টাইল মেরিন ডিপার্টমেন্ট' (এমএমডি) দফতর এবং ‘সিফ্যারার্স আউটরিচ সেন্টার’-এর উদ্বোধন করল ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং (ডিজিএস)। বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রকের এই বিশেষ উদ্যোগের পাশাপাশি শুক্রবার কলকাতার 'নাবিক গৃহ সমিতি' এবং 'মেরিন ক্লাব'-এর পুনর্গঠন কাজেরও আনুষ্ঠানিক সূচনা হয়েছে।
এদিন কলকাতার হোটেল রাজকুটির (আইএইচসিএল সিলেকশন)-এ ‘সিফ্যারার্স রিক্রুটমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার’ শীর্ষক একটি সিম্পোজিয়াম বা আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রকের পদস্থ আধিকারিকেরা।
দফতরের আধিকারিকদের দাবি, পাটনায় এই নতুন শাখা চালু হওয়ার ফলে বিহার ও পার্শ্ববর্তী রাজ্যগুলির নাবিকেরা তাঁদের সনদ বা সার্টিফিকেট সংক্রান্ত কাজ, নথিপত্রের সহায়তা, অভিযোগ নিষ্পত্তি এবং অন্যান্য জরুরি কল্যাণমূলক পরিষেবা এখন থেকে স্থানীয় স্তরেই পাবেন। এদিনের সিম্পোজিয়ামে প্রায় ২০০ জন নাবিক, ক্যাডেট এবং সামুদ্রিক ক্ষেত্রের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আয়োজিত দুটি প্যানেল আলোচনায় সমুদ্রে মৃত্যু বা দুর্ঘটনায় ক্ষতিপূরণ, বিমা এবং পরিবারের আর্থিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে আসে। এর পাশাপাশি নাবিকদের কর্মস্থলে পরিত্যাগ , বেতন সুরক্ষা এবং কর্মস্থল থেকে নিরাপদে প্রত্যাবর্তনের প্রক্রিয়া নিয়েও বিস্তারিত আলোচনা হয়। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর ওপর বিশেষ জোর দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, নাবিকদের অধিকার, মর্যাদা ও সার্বিক সুরক্ষা নিশ্চিত করাই এই সমস্ত উদ্যোগের মূল লক্ষ্য।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত