
কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি. স.): বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রকের অধীন ডিরেক্টরেট জেনারেল অব শিপিং বৃহস্পতিবার পাটনায় মারক্যান্টাইল মেরিন ডিপার্টমেন্ট (এমএমডি) দফতর এবং একটি সিফ্যারার্স আউটরিচ সেন্টারের শুভ সূচনা করেছে। উদ্বোধন করেন কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। একই সঙ্গে কলকাতার নাবিক গৃহ সমিতি ও মেরিন ক্লাবের পুনর্গঠন কাজের সূচনা হয়।এদিন ‘সিফ্যারার্স রিক্রুটমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার’ শীর্ষক এক দিনব্যাপী সিম্পোজিয়ামে প্রতিমন্ত্রী বলেন, পাটনায় নতুন দফতর চালু হওয়ায় পূর্ব ভারতের নাবিকদের সনদ প্রদান, নথিপত্র সংক্রান্ত সহায়তা ও অভিযোগ নিষ্পত্তি আরও সহজ হবে। সিম্পোজিয়ামে প্রায় ২০০ জন নাবিক, ক্যাডেট, জাহাজমালিক সংগঠন, শিপ ম্যানেজার ও সরকারি প্রতিনিধি উপস্থিত ছিলেন।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, গঙ্গার তলায় টানেল নির্মাণের বিষয়টি চিন্তাভাবনার স্তরে রয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী কলকাতা থেকে সাঁকরাইল পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রাস্তার অংশ হিসেবে ৭ কিলোমিটার টানেল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যদিও এখনও কেন্দ্রের অনুমোদন মেলেনি।হুগলির বলাগড়ে জেটি নির্মাণে কাজ চলছে বলেও তিনি জানান। পাশাপাশি কালাদান মাল্টিমোডাল প্রকল্পে কিছু পারিপার্শ্বিক সমস্যার কারণে কাজ ধীরগতিতে এগোচ্ছে বলে উল্লেখ করেন। রাজনৈতিক প্রসঙ্গে তিনি দাবি করেন, এসআইআর প্রক্রিয়ায় একজন মতুয়ার নামও বাদ যাবে না।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়