
নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): কেওয়াইসি আপডেটের অজুহাতে ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রায় ৫.৯৯ লক্ষ টাকা প্রতারণার ঘটনায় এক সাইবার প্রতারককে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করেছে উত্তর-পূর্ব জেলার সাইবার থানার পুলিশ। অভিযুক্তের কাছ থেকে নগদ টাকা, তিনটি মোবাইল ফোন ও একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে।
উত্তর-পূর্ব জেলার ডেপুটি পুলিশ কমিশনার আকাশ মিশ্র জানান, গত ১১ ফেব্রুয়ারি ব্রিজপুরী এলাকার বাসিন্দা ৫৩ বছর বয়সি গোবিন্দ সিংয়ের অভিযোগের ভিত্তিতে ই-এফআইআর নথিভুক্ত হয়। অভিযোগ অনুযায়ী, এক ব্যক্তি নিজেকে ব্যাংককর্মী পরিচয় দিয়ে কেওয়াইসি সম্পন্ন করার কথা বলে অভিযোগকারীর ব্যাংক সংক্রান্ত তথ্য সংগ্রহ করে এবং তার নামে ৫,৯৯,৯৯৬ টাকার তাৎক্ষণিক ঋণ তুলে নেয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় প্রযুক্তিগত ও ডিজিটাল প্রমাণের ভিত্তিতে তদন্ত শুরু করে সাইবার থানা। ইন্সপেক্টর রাহুল কুমারের নেতৃত্বে গঠিত তদন্তকারী দল অভিযুক্তের অবস্থান শনাক্ত করে ঝাড়খণ্ডের ধনবাদ থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম বিমল রবিদাস (৩০)।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অপরাধের কথা স্বীকার করেছে। তদন্তে আরও জানা গিয়েছে, সে দিল্লির পূর্ব ও পশ্চিম জেলা ছাড়াও ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের একাধিক অনুরূপ প্রতারণা মামলার সঙ্গে যুক্ত। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে অজ্ঞাত ফোনকলের মাধ্যমে ব্যাংক সংক্রান্ত কোনও তথ্য শেয়ার না করার জন্য সতর্ক করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য